সর্বশেষ

আপনার মোবাইল ফোন বৈধ না অবৈধ যাচাই করুন বিনামূল্যে



অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দরপত্র প্রক্রিয়া প্রায় শেষের দিকে।  তাই ২০২১ সালের শুরুতেই অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে প্রযুক্তি বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। এই প্রক্রিয়া শুরু হলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে কোনো সিমই কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন না।

আপনার বর্তমান মোবাইল হ্যান্ডসেটটি বৈধ কিনা তা যাচাই করতে 

প্রথমে মোবাইল থেকে *#06# ডায়াল করলে ১৫ ডিজিটের  ১টি বা ২টি  আইএমইআই নম্বর দেখাবে। এর একটি নম্বর মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে 16002 নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় গ্রাহক বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না, তা জানতে পারবেন।

নতুন মুঠোফোন কেনার আগে সেটির মোড়কের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি দেখে একই পদ্দতি অনুসরন করে বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না, তা জানতে পারবেন।


আপনার হ্যান্ডসেটের IMEI নম্বর যদি বিটিআরসির তথ্য ভান্ডারে থাকে তাহলে ফিরতি ম্যাসেজে
“ ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেজে পাওয়া গেছে” এই লেখা আসবে।

আর যদি আপনার হ্যান্ডসেটের IMEI নম্বর বিটিআরসির তথ্য ভান্ডারে না থাকে তাহলে ফিরতি ম্যাসেজে “ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায় নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI  (/,#.- সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধু মাত্র ১৫টি নম্বর) লিখে পুনরায় চেষ্টা করুন। KYD <Space> 15 Digit IMEI Number লিখে 16002 তে পাঠিয়ে দিন ” এই লেখা আসবে। আর এ সেবাটিতে এসএমএস এর কোন খরচ হবে না।


বিটিআরসির তথ্যমতে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের অগাস্ট নাগাদ মোট ১১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৭৬৩টি আইএমইআই নম্বর ডেটাবেইজে যুক্ত করা হয়েছে। মূলত মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এ ডেটাবেইজ তৈরি করা হয়েছে।

২০১৯ সালের অগাস্টের আগে ক্রয়কৃত যেসব সেট মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে যুক্ত আছে সেসব হ্যান্ডসেটগুলোকে নির্ধারিত সময়ের জন্য নিবন্ধিত করার  সুযোগ দেওয়া হবে।
বিদেশ থেকে হ্যান্ডসেট নিয়ে আসা মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে ক্রয়ের রশিদ ও আনুষঙ্গিক কাজগপত্র সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে এনইআইর চালু হলে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে সেসব আইএমইআই নিবন্ধনের সুযোগ দেয়া হতে পারে।

গ্রাহকের হাতে যেসব নকল বা অবৈধ হ্যান্ডসেট রয়েছে, এই প্রক্রিয়া শুরু করার ছয় মাস পর্যন্ত নির্দিষ্ট সিমে তা চালু রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ যে সিমে মোবাইল চালু থাকবে সেই সিমের মাধ্যমেই তা নিবন্ধিত ধরে নেওয়া হবে। ছয় মাস পর কোনো নকল, অবৈধভাবে আমদানি করা বা ক্লোন হ্যান্ডসেটে সিম কাজ করবে না।
 
আরও দেখুন:


কোন মন্তব্য নেই